সন্দেহজনক গতিবিধি, তল্লাশিতে মিলল পিস্তল ও গুলি

এশিয়া পোস্ট নিউজ, কুষ্টিয়া
সন্দেহজনক গতিবিধি, তল্লাশিতে মিলল পিস্তল ও গুলি
গণপিটুনিতে আহত যুবককে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। ছবি : এশিয়া পোস্ট

কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকায় একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

Advertisement

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ফরিদ হোসেন (৩২) ওই ইউনিয়নের নদীরকুল মাঠপাড়া এলাকার মৃত বুড়ো মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাবিল মোড় এলাকায় ফরিদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাকে আটকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে নিজেদের হেফাজতে নেয়।

এলাকাবাসীর দাবি, আটক ফরিদ স্থানীয় ‘শিপন বাহিনী’র একজন সক্রিয় সদস্য। তার কাছে আরও অবৈধ অস্ত্র থাকতে পারে বলে তাদের ধারণা। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এই বাহিনীর অন্য সদস্যদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, অস্ত্র ও ছয় রাউন্ড গুলিসহ একজনকে স্থানীয়রা আটকে রেখে পুলিশে খবর দেয়। গণপিটুনির কারণে ওই যুবক আহত হওয়ায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :কুষ্টিয়া