logo
Advertisement

‘আমারে যারা বিধবা করেছে, তাদের যেন ফাঁসি হয়’

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
ফরিদপুর সদর, ফরিদপুর
‘আমারে যারা বিধবা করেছে, তাদের যেন ফাঁসি হয়’
স্বামী হত্যার বিচার চেয়ে আদালত চত্বরে ডালিয়া বেগম। ছবি: এশিয়া পোস্ট

স্বামী হারানোর শোক যেন কিছুতেই কাটছে না ডালিয়া বেগমের। চোখের পানি আর বুকভরা কষ্ট নিয়ে এবার স্বামী হত্যার বিচার চেয়ে দাঁড়ালেন আদালত চত্বরে।

ফরিদপুর জজকোর্ট চত্বরে বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিহত কৃষক ইউসুফ আলী শেখের স্ত্রী ডালিয়া বেগম, স্বজন ও এলাকাবাসী মানববন্ধন করেন।

তাদের দাবি— স্বামী হত্যার মামলায় গ্রেপ্তার চার আসামিকে যেন জামিন দেওয়া না হয় এবং পলাতক তিন আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়।

নিহত ইউসুফ আলী শেখ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রামের বাসিন্দা। গত ১ আগস্ট সন্ধ্যায় তাকে ডেকে নিয়ে দুর্গম চর এলাকায় নির্যাতনের পর বিষ খাওয়ানোর অভিযোগ ওঠে। পরে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে ৩ আগস্ট ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে চরভদ্রাসন থানায় হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে। তবে এখনো গ্রেপ্তার হয়নি আরও তিনজন। ডালিয়ার অভিযোগ, তার স্বামীকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে নির্যাতন ও বিষ খাওয়ানো হয়েছে। মৃত্যুর আগে ইউসুফ আলী একটি ভিডিওতে কয়েকজনের নাম বলে গেছেন বলেও দাবি করেন স্থানীয়রা।

মানববন্ধনে কান্নায় ভেঙে পড়ে ডালিয়া বলেন, আমার স্বামীকে যারা কেড়ে নিয়েছে, আমি তাদের বিচার চাই। যারা আমাকে বিধবা করেছে, তাদের ফাঁসি চাই।

অন্যদিকে, স্থানীয়দের দাবি, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

তবে স্বামীকে আর ফিরে পাবেন না ডালিয়া— এ সত্য মেনে নিয়েছেন তিনি। এখন তার একটাই প্রত্যাশা, আদালতের মাধ্যমে যেন স্বামী হত্যার সুষ্ঠু বিচার পান।

চরভদ্রাসন থানার তদন্ত কর্মকর্তা এসআই এনামুল হক এশিয়া পোস্টকে জানান, পলাতক তিন আসামিকে গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।