Advertisement

ঘুমিয়ে থাকা নারীকে সাপের ছোবল, সাপ সঙ্গে নিয়ে হাজির হাসপাতালে

এশিয়া পোস্ট নিউজ, পঞ্চগড়
ঘুমিয়ে থাকা নারীকে সাপের ছোবল, সাপ সঙ্গে নিয়ে হাজির হাসপাতালে
ছবি : এশিয়া পোস্ট

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় ঘুমিয়ে থাকা অবস্থায় চৈতী রানী (৫৫) নামের এক গৃহবধূকে ছোবল দেয় বিষধর একটি সাপ। পরে মাছ ধরার বিশেষ যন্ত্র (কোচ) দিয়ে সাপটিকে আটকে সরাসরি হাসপাতালে নিয়ে হাজির হন ওই নারী ও তার স্বজনরা। সাপটি বিষধর শনাক্ত করে তাকে অ্যান্টিভেনম দিয়েছেন চিকিৎসকেরা।

Advertisement

সোমবার (১০ আগস্ট) ভোর পৌনে পাঁচটার দিকে চৈতী রানীকে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এর আগে রোবাবর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার দেবীপুর ইউনিয়নের দারাজগাঁও এলাকায় নিজ বসতঘরে তিনি সাপের ছোবলের শিকার হন। আহত চৈতী রানী ওই এলাকার কুলীন চন্দ্র রায়ের স্ত্রী।

পরিবারের সদস্যদের বরাতে দেবীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য কমিরুল ইসলাম জানান, রাত সাড়ে তিনটার পর প্রতিবেশী কুলীন চন্দ্র রায় ফোন করে তাদের দ্রুত বাড়িতে যেতে বলেন। সেখানে গিয়ে দেখা যায়, তার স্ত্রী চৈতী রানীর বাঁ পায়ে সাপের কামড়ের ক্ষত তৈরি হয়েছে। পরে তাৎক্ষণিকভাবে স্বজনরা সাপটিকে আটকে রেখে চৈতী রানীকে হাসপাতালে নিয়ে যান।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জাহিদ হাসান জানান, ওই নারীর বাঁ পায়ে সাপের দংশনের স্পষ্ট দাগ ছিল এবং একটি বিষদাঁত সেখানে আটকে ছিল। স্বজনরা জীবিত অবস্থায় কামড় দেওয়া সাপটি সঙ্গে নিয়ে আসায় কোনো প্রকার বিলম্ব ছাড়াই দ্রুত ও সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, দংশনকারী সাপটির নাম ‘বেন্ডেড ক্রেইট’ বা শঙ্খিনী/শাঁখামুখী। এটি প্রজাতিগতভাবে অত্যন্ত বিষধর এবং সাধারণত রাতে ঘুমন্ত মানুষকে কামড়ে থাকে। সময়মতো রোগীকে অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়েছে। বর্তমানে ওই নারী আশঙ্কামুক্ত ও সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

বিষয় :