পুকুরে ভাসছিল রিকশাচালকের বস্তাবন্দি মরদেহ

নাটোর সদর উপজেলায় একটি পুকুর থেকে এক রিকশাচালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের জংলী ঈদগাহ মাঠসংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কমল কুমার দাস একই ইউনিয়নের লেঙ্গুরিয়া মধ্যপাড়া মহল্লার মৃত হীরালাল দাসের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন কমল কুমার দাস। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে স্থানীয়রা জংলী ঈদগাহ মাঠসংলগ্ন পুকুরে বস্তাবন্দি কিছু একটা ভাসতে দেখে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে বস্তাটি উদ্ধার করে এবং তার ভেতর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়রা মরদেহটি রিকশাচালক কমল কুমার দাসের বলে শনাক্ত করেন।
এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ঘটনা উদ্ঘাটনে জেলা পুলিশের একাধিক দল তদন্ত শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে এই মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি।






