হামের সংক্রমণ: বরগুনার এক উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা

বরগুনায় হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সদর উপজেলাকে রেডজোন ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে জেলায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বরগুনার সদর উপজেলা থেকে পরীক্ষাগারে পাঠানো নমুনার প্রায় ৩০ শতাংশে হামের উপস্থিতি শনাক্ত হচ্ছে। এতে শিশু থেকে শুরু করে বয়স্করাও আক্রান্ত হচ্ছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় হামে আক্রান্ত সন্দেহে ১৩২ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ২৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়। হাম আক্রান্ত সন্দেহে ১২২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো রোগীদের মধ্যে তিন শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের অভিযোগ, সরকারি হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে না। শুধু প্যারাসিটামল দেওয়া হচ্ছে, বাকি ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে, যা অনেকের জন্য আর্থিকভাবে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বাসিন্দা আলেয়া বেগম বলেন, ‘আমার ছেলে তিন দিন ধরে হাসপাতালে ভর্তি। প্যারাসিটামল ছাড়া কোনো ওষুধ দেয় না। সব ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে, যা আমাদের জন্য খুব কষ্টকর।’
ঢলুয়া এলাকার শিউলি বেগম জানান, তার অসুস্থ শিশুর চিকিৎসার জন্য চার দিনে প্রায় ৫ হাজার টাকার ওষুধ কিনতে হয়েছে।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘হামের সংক্রমণ বৃদ্ধির কারণে সদর উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে জেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।’