logo

বিএনপি ও আওয়ামী লীগের ৩৫০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

বিএনপি ও আওয়ামী লীগের ৩৫০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপি ও রাজনৈতিক বিভিন্ন দল থেকে ৩৫০ জন জামায়াতে যোগ দিয়েছেন। এর মধ্যে বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত নাজিম উদ্দিন আহমেদের ভাই রিয়াজ উদ্দিন রাজনও রয়েছেন। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগদানকৃতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর যোগদান অনুষ্ঠান থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শাপলা কলি প্রার্থীর পক্ষে গণমিছিল করা হয়৷ মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটওয়ারী, রামগঞ্জ পৌর জামায়াতের আমির হাসান মাহমুদ বান্নাহ প্রমুখ।

জামায়াতে ইসলামীতে যোগদানকারী নেতারা হলেন—নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ব্যাংকার মুনছুর আহমেদ, সাবেক বিএনপি সংসদ সদস্য নাজিম উদ্দিনের ছোট ভাই রিয়াজ উদ্দিন আহমেদ, লামচর ইউনিয়ন থেকে বিএনপির নুরুল হুদা, চন্ডিপুর ইউনিয়ন থেকে আওয়ামী লীগ নেতা ইব্রাহিম মেম্বার, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, চরমোনাই থেকে মোস্তফা, বিএনপি থেকে জাহাঙ্গীর আলমসহ প্রায় ৩৫০ নেতাকর্মী জামায়াতে যোগদান করেছেন।

যোগদান বিষয়ে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ব্যাংকার মুনছুর আহমেদ বলেন, জামায়াতে ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে। সে লক্ষ্যেই আমি দলটির সঙ্গে যুক্ত হলাম।

১১ দলীয় জোট ও এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন, বিএনপির নেতাকর্মীরা দলে দলে ১১ দলীয় জোটে যোগ দিচ্ছেন। ভোটের দিনও শাপলা কলিতে ভোট দিয়ে হাজার হাজার বিএনপির লোক আমাদের সঙ্গে যোগ দেবেন।

জামায়াত নেতৃবৃন্দ বলেন, দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও আস্থা বাড়ছে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর ভূমিকা আরও শক্তিশালী করতে নতুন যোগদানকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।