logo
Advertisement

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীর চাচাসহ চারজনকে কুপিয়ে আহত

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীর চাচাসহ চারজনকে কুপিয়ে আহত
আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছবি: এশিয়া পোস্ট

মাদারীপুরের শিবচরে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রীর চাচাসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় একটি ভ্যানগাড়ির গ্যারেজ ভেঙে দেওয়ারও অভিযোগ উঠেছে।

জানা গেছে, রোববার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার ভদ্রাসন স্কুল গেট এলাকায় এক স্কুলছাত্রীকে কয়েকজন যুবক ইভটিজিং করলে মেয়েটি তা পরিবারের সদস্যদের জানায়। এর প্রতিবাদে পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে অভিযুক্তরা চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দেলোয়ার, সিরাজুল শেখ, জুয়েল বেপারী ও মহাসীন বেপারীকে গুরুতর আহত করেন।

অভিযুক্তরা সবাই পার্শ্ববর্তী শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে ঘটনার পর থেকে অভিযুক্ত যুবকরা গা ঢাকা দেওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ বলেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।