logo

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপ, আরেকটির বিস্ফোরণ

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপ, আরেকটির বিস্ফোরণ
দক্ষিণ কেরানীগঞ্জ থানা। ইনসেটে ককটেল। ছবি : এশিয়া পোস্ট

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে দুটি ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় প্রথমে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সন্ধ্যা ৭টার দিকে ইকুরিয়া বাজার এলাকায় আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে স্কচটেপে মোড়ানো একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে ককটেলটি বিস্ফোরিত হয়নি। পরে পুলিশ সেটি উদ্ধার করে পানিভর্তি একটি বালতিতে রাখে।

এর প্রায় ১০ মিনিট পর সন্ধ্যা ৭টার দিকে ইকুরিয়া বাজার এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই জড়িত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরপর দুটি ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন বলেন, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই দুর্বৃত্তরা থানার সামনে ককটেল নিক্ষেপ করেছে। এ ছাড়া ইকুরিয়া বাজারেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট