ল্যাম্পপোস্ট বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

কুড়িগ্রামে ইলেকট্রিক ল্যাম্পপোস্ট স্থাপন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুজন ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার হলোখানা ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমান এবং ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চর এলাকার উমেদ আলী।
ঘোগাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘোগাদহ বাজার এলাকায় ইলেকট্রিক ল্যাম্পপোস্টের খুঁটি স্থাপনের সময় অসাবধানতাবশত খুঁটিটি পাশে থাকা বৈদ্যুতিক তারে স্পর্শ করলে কয়েকজন বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিজানুর রহমান ও উমেদ আলীকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, নিহত দুজন ইলেকট্রিশিয়ান বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।