logo

৩০০ টাকার জন্য যুবককে ছুরিকাঘাতে হত্যা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, কেরানীগঞ্জ
৩০০ টাকার জন্য যুবককে ছুরিকাঘাতে হত্যা
প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে পাওনা ৩০০ টাকা নিয়ে বিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ মে) সন্ধ্যা ৬টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দি গ্রামের গোল্ডেন কমিউনিটি সেন্টারের সামনে গলির রাস্তায় এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে নিহতের নাম জাহাঙ্গীর ও আটক হুমায়ুন কবির (৪৪) কেরানীগঞ্জের নকেরোজবাগ এলাকার মৃত ফজলুল হকের ছেলে। নিহত ও অভিযুক্ত দুজনই মাদকসেবী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে পাওনা টাকা নিয়ে জাহাঙ্গীরের সঙ্গে হুমায়ুন কবিরের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হুমায়ুন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন জাহাঙ্গীর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

arrest
arrest

ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন কবিরকে আটক করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।