‘প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করছে’

স্বৈরাচার বিদায় হলেও ষড়যন্ত্র থেমে নেই। প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে এবং দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এবং খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মরহুম আজিজুল হাসান দুলুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
মরহুম আজিজুল হাসান দুলুর স্মৃতিচারণ করে অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, দুলুর মতো ত্যাগী, আদর্শবান ও নিবেদিতপ্রাণ নেতা বারবার জন্ম নেন না। দলের শৃঙ্খলা বজায় রাখা এবং দুঃসময়ে দলকে এগিয়ে নিতে তিনি অনন্য ভূমিকা পালন করেছেন। এমন নেতাদের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং তাদের আদর্শকে ধারণ করে সামনের পথ চলতে হবে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিন ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২২ ঘণ্টাই দল, দেশ ও জাতির ভবিষ্যতের জন্য অক্লান্ত পরিশ্রম করে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। অথচ দেশকে পিছিয়ে দিতে নানা ধরনের চক্রান্ত চলছে।
তিনি বলেন, সম্প্রতি ক্যান্টনমেন্ট থানার ওসির ফাঁস হওয়া অডিওতে প্রশাসনের ভেতর থেকে দেশকে অস্থিতিশীল করা এবং স্বৈরাচার হাসিনাকে ফিরিয়ে আনার প্ররোচনা দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয় রয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সঙ্গে সংশ্লিষ্ট এবং অতীতে গুম, খুন ও বাড়িঘর পোড়ানোর মতো অপকর্মে মদদদাতারা নিজেদের অপকর্ম আড়াল করার চেষ্টা করছে। লংমার্চসহ নানা ইস্যু তৈরি করে বাংলাদেশকে গণতান্ত্রিক সমাজব্যবস্থা থেকে দূরে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মনা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চেতনাকে সুদৃঢ় করতে এবং তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেগম রেহানা ঈসা, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু ও হাসানুর রশীদ চৌধুরী মিরাজ।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবির, শেখ হাফিজুর রহমান মনি ও অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী বাবু, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খান ও চৌধুরী শফিকুল ইসলাম হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফারুক খন্দকার, ইসতিয়াক উদ্দিন লাভলু এবং সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জামাল হোসেন তালুকদার, খুলনা মহানগর বিএনপির দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম টিপু, জেলা বিএনপির সদস্য আশরাফুল ইসলাম নূর ও খুলনা মিডিয়া সেলের সদস্য সচিব রকিবুল ইসলাম মতি। থানা বিএনপির সাংগঠনিক সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন জাকির ইকবাল বাপ্পী ও মো. নাসির উদ্দিন।

