logo

মাছ ধরতে নেমে সাপের কামড়ে পুলিশ সদস্যের মৃত্যু

মাছ ধরতে নেমে সাপের কামড়ে পুলিশ সদস্যের মৃত্যু

বাওড়ে মাছ ধরতে নেমে সাপের ছোঁবলে প্রাণ হারিয়েছে এক পুলিশ সদস্য। ঝিনাইদহের মহেশপুরে নস্তি বাওড়ে মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটেছে। আশিক আহম্মেদ (২৮) নামের এই পুলিশ সদস্য ঝিনাইদহ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। তিনি নওগাঁর রাণিনগর উপজেলার একডালা ইউনিয়নের ডাকাহারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

মহেশপুরের নস্তি বাওড়ের সদস্য নিত্য হালদার ও নায়েব আলী জানান, মঙ্গলবার দুপুরের দিকে ঝিনাইদহ পুলিশ লাইনসের এএসআই শাকিল আহম্মেদ, কনস্টেবল মো. আরিফ হোসেন মুন্সী ও ড্রইভার আশিক আহম্মেদ নস্তি বাওড়ে মাছ ধরতে আসেন। বাওড়ে নামার পর বিকেল সাড়ে তিনটার দিকে আশিকের বিষধর সাপে কামড় দেয়।

তারা আরও জানান, এ সময় তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আশিককে মহেশপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত টিকিৎসক ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান মৃত ঘোষণা করেন।

চিকিৎসক হাবিবুর রহমান জানান, হাসপাতালে আসার আগেই রোগী মারা গেছেন। তবে তার পায়ে সাপে কাটার মতো ক্ষত চিহ্ন ছিল। হাতের নখগুলো নীল হয়ে গেছে। সাপেকাটা রোগীর যে ধরনের লক্ষণ থাকে, আশিকেরও সেরকম ছিল।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, ঝিনাইদহ থেকে আশিকসহ চারজন পুলিশ সদস্য মহেশপুর থানায় আসেন গাড়ি মেরামত করতে। কাজ শেষে তারা নস্তি বাওড়ে যান। এ সময় তারা বড়শি দিয়ে মাছও ধরেন। মাছধরা শেষ করে গোসল করতে নেমে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা জানিয়েছেন, বাওড়ে মাছ ধরার সময় হয়তো বিষধর সাপে আশিককে দংশন করেছিল।