logo

ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের হাতাহাতি

ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের হাতাহাতি

চুয়াডাঙ্গা-১ আসনের আলমডাঙ্গা উপজেলায় জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনস্তা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাতাহাতিতে জড়ায় জামায়াত ও বিএনপির সমর্থকরা।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার খাদিমপুর ইউনিয়নের যুগীরহুদা গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেলের পক্ষে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নারী নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছিলেন। এ সময় এলাকার বিএনপির কয়েকজন নারী কর্মী প্রথমে তাদের বাধা দেন এবং হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। পরে বিএনপির পুরুষ কর্মীরাও ঘটনাস্থলে এসে জামায়াতের নারী কর্মীদের গ্রাম থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামায়াতের আরও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এতে উভয়পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ ঘটনায় নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও মারধরের অভিযোগও করেছেন জামায়াতের নেতাকর্মীরা। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল এশিয়া পোস্টকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি।’