ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর সড়কের মিনু বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের রাসেল (২৭), শিবগঞ্জ উপজেলার দারিগাছা গ্রামের রুবেল (২২) এবং পলাশবাড়ী আড়গাড়াহাট গ্রামের কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনদ্দী (৪৭)।
পুলিশ জানায়, মাদক, চোরাচালান, দস্যুতা প্রতিরোধ এবং পরোয়ানা তামিল অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মিনু বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসীম ফিরোজ বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে জেলা পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
.png)






