মসজিদের ভাতার টাকা উত্তোলনের অভিযোগ, ‘ষড়যন্ত্র’ দাবি জামায়াত নেতার

বাগেরহাটের মোরেলগঞ্জে নিয়মিত ইমামতি না করেও মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের সরকারি ভাতার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে পুটিখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা নাজির আহম্মেদের বিরুদ্ধে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন মসজিদের সাবেক মুয়াজ্জিন আব্দুর রব হাওলাদার।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালে প্রতিষ্ঠিত পুটিখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর পুটিখালী গ্রামের ‘বায়তুন আমান জামে মসজিদে’ সরকারি ভাতার টাকা বরাদ্দ রয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, দলীয় ও সামাজিক কোন্দলের কারণে গত প্রায় চার বছর ধরে মসজিদটিতে পাঁচ ওয়াক্ত নামাজে নিয়মিত মুসল্লি ও নির্ধারিত ইমাম-মুয়াজ্জিন থাকেন না। বর্তমানে কেবল জুমার দিনে একজন অস্থায়ী ইমাম দায়িত্ব পালন করেন।
এ পরিস্থিতিতে নিয়মিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেম না থাকা সত্ত্বেও জামায়াত নেতা নাজির আহম্মেদ সরকারি ভাতার টাকা উত্তোলন করছেন বলে স্থানীয়রা ও সাবেক কমিটির প্রতিনিধিরা অভিযোগ তুলেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে জামায়াত নেতা মাওলানা নাজির আহম্মেদ বলেন, আমি ওই মসজিদের নিয়মিত খতিব। মসজিদ কমিটির অনুমোদিত ইমাম ও মুয়াজ্জিন রয়েছেন। সরকারি প্রণোদনা হিসেবে এ পর্যন্ত মাত্র পাঁচ হাজার টাকা উত্তোলন করা হয়েছে।
রাজনৈতিক উদ্দেশ্যে এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকায় কুচক্রী মহল তাকে হেয় করতে মিথ্যা অভিযোগ তুলছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ জানান, সংশ্লিষ্ট মসজিদটি কেন্দ্র করে একাধিক লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য গঠিত কমিটি পর্যালোচনা করছে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



