চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

চাঁপাইনবাবগঞ্জ সদরে ছুরিকাঘাতে রজব আলী নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তার দুই বন্ধুর বিরুদ্ধে। বুধবার (২৪ জুন) দুপুরে জেলার পৌর এলাকার হাসপাতাল রোডে এ ঘটনা ঘটে।
নিহত রজব আলী পৌর এলাকার মসজিদপাড়ার নজরুল ইসলাম বাবুর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, দুপুর পৌনে ১টার দিকে নিহত রজবের সঙ্গে তার দুই বন্ধু মো. জিসান ও মো. মেহেদির কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রজবকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রজবসহ তার দুই বন্ধু জিসান ও মেহেদি মাদকাসক্ত জানিয়ে ওসি একরামুল হোসাইন বলেন, সরকারি হাসপাতাল ঘিরে নানা অপকর্ম ও অপরাধের সঙ্গে জড়িত তারা। এসব নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ জিসান ও মেহেদিকে গ্রেপ্তারের চেষ্টা করছে। তাদের দুজনের বাড়ি মসজিদপাড়ায়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।





