জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
শুক্রবার (৩১ জুলাই) সকালে কুমিল্লার রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে রোটারি ক্লাব অব আড়ং কুমিল্লা এ কর্মসূচির আয়োজন করে।
ইউসুফ মোল্লা টিপু বলেন, শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। আগামী প্রজন্মের জন্য সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গাছ শুধু অক্সিজেনের উৎস নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা সময়ের দাবি।
কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রোটারি ক্লাবের সদস্য, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
.png)






