যশোরে বিএনপি কার্যালয় পোড়ানো মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

যশোরে বিএনপি কার্যালয় পোড়ানোর মামলার এজাহারভুক্ত আসামি টিপু সুলতান বিশ্বাস মেম্বারকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার হাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল হাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে টিপু সুলতান বিশ্বাসকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার টিপু সুলতান বিশ্বাস সদর উপজেলার তালবাড়িয়া বিশ্বাসপাড়া এলাকার মৃত এজাহার বিশ্বাস ও মৃত ফুলজান বিবির ছেলে। তিনি তালবাড়িয়া, শালিয়াট ও মালিয়াট এলাকার সাবেক ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. ইলিয়াস হোসেন জানান, টিপু সুলতান বিশ্বাস বিএনপি কার্যালয় পোড়ানোর মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে বর্তমানে তিনটি হত্যা মামলাও চলমান রয়েছে।
পুলিশের দাবি, টিপু সুলতান বিশ্বাস পূর্বে সর্বহারা দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। পাশাপাশি স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের সঙ্গে সম্পৃক্ত বলেও পরিচিত।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর টিপু সুলতান বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



