মৌলভীবাজারে বিপদসীমার উপরে দুই নদের পানি, বন্যার আশঙ্কা

এশিয়া পোস্ট নিউজ, মৌলভীবাজার
মৌলভীবাজারে বিপদসীমার উপরে দুই নদের পানি, বন্যার আশঙ্কা
মৌলভীবাজারে বিপদসীমার উপরে দুই নদের পানি। ছবি: এশিয়া পোস্ট

সিলেটের মৌলভীবাজারে দিনব্যাপী টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে জেলার প্রধান প্রধান নদ-নদীর পানি হু হু করে বাড়ছে। বুধবার (৮ জুলাই) রাতে সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার মনু নদের পানি বিপদসীমার ১৪ সেন্টিমিটার ও ধলাই নদের পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে জেলাজুড়ে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি করছে।

এরমধ্যে বুধবার রাত ১০ টার দিকে ধলাই নদীর কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোকাবিল এলাকায় বাধে ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় জেলায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, বৃষ্টিপাত অব্যাহত থাকায় ও উজানের পাহাড়ি ঢলে নদীগুলোর পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌলভীবাজারসহ সিলেট বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলাজুড়ে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

পাউবো নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলীদ বলেন, জেলাজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বুধবার রাতে মনু ও ধলাই নদের পানি বিপদসীমার উপরে রয়েছে। বাকি নদীগুলোও বিপদসীমার কাছাকাছি আছে। আমরা বন্যার প্রস্তুতি নিয়েছি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।