logo

সীতাকুণ্ডে ৩ ঘণ্টায় তিন মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
সীতাকুণ্ডে ৩ ঘণ্টায় তিন মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৃথক তিন এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে ১১টার মধ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার-আউলিয়া এলাকায় সকাল ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. হারুন (৫৪) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি ওই এলাকারই বাসিন্দা। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর গাড়িটি পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

উপজেলার বাড়বকুণ্ড এলাকায় রেললাইনের পাশ থেকে ৯টার দিকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (আনুমানিক ৪৫) মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। স্থানীয় লোকজন মরদেহটি পড়ে থাকতে দেখে খবর দিলে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক দীপক দেওয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মারা গেছেন। মরদেহটি দুই রেললাইনের মাঝখান থেকে উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উপজেলার ছোট কুমিরা এলাকায় বেলা ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় হাসান নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়। সে মিরসরাই উপজেলার মির্জাবাজার দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মিরসরাই থেকে ২৫-৩০ জনের শিক্ষার্থী দল কুমিরা আকিলপুর সাগরপাড় এলাকায় ঘুরতে আসে। তারা বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি হাসানকে ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।