পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (১৩ জুলাই) রাতে অভিযুক্ত আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে বোদা থানা পুলিশ। ভুক্তভোগী দুই শিশু প্রতিবেশী। এ ঘটনায় থানায় পৃথক দুটি এজাহার দায়েরের প্রক্রিয়া চলছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দুই শিশু অভিযুক্ত ব্যক্তিকে ‘দাদু’ বলে ডাকত। এই সুবাদে তারা মাঝেমধ্যে আমিনুল ইসলামের বাড়িতে খেলতে যেত। বাড়িতে পরিবারের অন্য সদস্যরা না থাকার সুযোগে আমিনুল ইসলাম বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুদের বিভিন্ন সময়ে নিজের শোবার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর আমিনুল ইসলাম শিশুদের কান্নাকাটি করতে নিষেধ করেন এবং বিষয়টি পরিবারের কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন।
গত শুক্রবার ও শনিবার ছয় বছর বয়সী এক শিশুকে এবং গত রোববার একইভাবে পাঁচ বছর বয়সী অন্য শিশুটিকে আমিনুল ইসলাম ধর্ষণ করেন।
ভুক্তভোগী এক শিশুর স্বজন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, শিশু দুটিকে অস্বাভাবিক কান্নাকাটি করতে দেখে তিনি তাদের কারণ জিজ্ঞাসা করেন। তখন ছয় বছর বয়সী শিশুটি ভয়ে কিছুই বলতে না পেরে শুধু কাঁদছিল। এরপর পাঁচ বছর বয়সী শিশুটি প্রচণ্ড ব্যথার কথা জানিয়ে পুরো ঘটনা খুলে বলে। তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানানো হয় এবং পরে তাদের চিকিৎসার জন্য পঞ্চগড় সদর হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে পঞ্চগড় সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাছুদ হাসান বলেন, গত রাতে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ নিয়ে হাসপাতালে ভর্তি করেছে তাদের পরিবার। শারীরিক পরীক্ষার সময় তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। শিশু দুটি বর্তমানে চিকিৎসাধীন এবং শারীরিকভাবে সুস্থ আছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা সোমবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আমিনুল ইসলামকে আটক করেছি। এ ঘটনায় থানায় দুটি পৃথক মামলার এজাহার দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।





