Advertisement

হবিগঞ্জে হামলার প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল

এশিয়া পোস্ট নিউজ, জামালপুর
হবিগঞ্জে হামলার প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল
জামালপুর শহরের পাঁচ রাস্তার মোড় থেকে মশাল মিছিলটি শুরু হয়। ছবি: এশিয়া পোস্ট

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। বুধবার (২৯ জুলাই) রাতে শহরের পাঁচ রাস্তার মোড় থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি আশেক মাহমুদ কলেজের জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম, আমিনুল ইহসান আবিদ সৌরভ, আহাদ ও আরাফাত হোসেন শাকিলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

সমাবেশে আমিনুল ইহসান বলেন, একসময় খালেদা জিয়ার বাসা ঘেরাও করেছিল সন্ত্রাসী বাহিনী। তখন তারা কোথায় ছিল? আজ যারা আমাদের পথ রোধ করার চেষ্টা করছে, সেই সব ছাত্রনেতাদের কাছে প্রশ্ন রাখতে চাই—তারা কি জানে না, তাদের মুক্তির সনদ নাহিদ ইসলাম এনে দিয়েছিলেন? তারা কি জানে না, এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন হাসনাত আবদুল্লাহ? তারা কি জানে না, এই জাতি জালেমের বন্দিদশা থেকে মুক্তির স্বাদ পেয়েছে সেই আন্দোলনের মধ্য দিয়ে? আমরা স্পষ্ট করে বলতে চাই, যেখানেই বাধা আসবে, জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুবশক্তি ও জাতীয় ছাত্রশক্তি ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

বক্তারা হবিগঞ্জে দলের নেতাকর্মীদের ওপর হামলার তীব্ৰ নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি পালনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।

বিষয় :জামালপুর