মিয়ানমারে পাচারের সময় ১৪৫০ বস্তা সিমেন্টসহ দুটি নৌকা জব্দ

এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
মিয়ানমারে পাচারের সময় ১৪৫০ বস্তা সিমেন্টসহ দুটি নৌকা জব্দ
নৌকায় কয়েক বস্তা সিমেন্ট ও আটক হওয়া কয়েকজন। ছবি: এশিয়া পোস্ট

বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় এক হাজার ৪৫০ বস্তা সিমেন্টবোঝাই দুটি নৌকা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় নৌকা দুটিতে থাকা ২১ জনকে আটক করা হয়েছে।

Advertisement

শনিবার (২৭ জুন) বাংলাদেশ নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ শুক্রবার ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দূরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্ট বহনকারী ‘এফবি ফাতেমা হোসনা’ ও ‘এফবি নিঝু রাব্বি’ নামে দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

তল্লাশিতে ‘এফবি ফাতেমা হোসনা’ থেকে ৬৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং ১০ জনকে আটক করা হয়। ‘এফবি নিঝু রাব্বি’ থেকে ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট ও ১১ জনকে আটক করা হয়।

নৌবাহিনী জানায়, আটক ব্যক্তিদের ও জব্দকৃত দুটি নৌকা এবং সিমেন্ট টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক ২১ জনকে থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে আদালতে পাঠানো হবে।