গাজীপুরে ফিলিং স্টেশনে তেলের গরমিল, জরিমানা ২০ হাজার

গাজীপুরের পুবাইল এলাকায় একটি ফিলিং স্টেশনে তেলের হিসাবের সঙ্গে মজুদের অমিল পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এবং জেলা প্রশাসনের একটি দল পুবাইলের মেসার্স হাবিব ফিলিং স্টেশনে অভিযান চালায়। এ সময় স্টেশনের সংরক্ষিত নথিপত্রের সঙ্গে বাস্তবে মজুত থাকা জ্বালানি তেলের পরিমাণ মিলিয়ে দেখা হয়। যাচাই-বাছাইয়ে প্রায় ১ হাজার লিটার জ্বালানি তেলের গরমিল পাওয়া যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে বিজিবির গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ আল ফেরদৌস বলেন, জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং বাজার স্থিতিশীল রাখতে বিজিবি কাজ করে যাচ্ছে। অবৈধ মজুত বা অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।