১৯ কিলোমিটারজুড়ে খানাখন্দ, ঝুঁকিতে ঢাকা-বরিশাল মহাসড়ক

বরিশাল থেকে রাজধানীর পথে যাত্রা শুরু করলেই গৌরনদী অংশে বদলে যায় রূপ। দেশের অন্যতম ব্যস্ত ঢাকা–বরিশাল মহাসড়কের এই অংশটি এখন যেন ভয়াল খানাখন্দের ফাঁদ। কোথাও পিচ-পাথর উঠে গিয়ে সড়ক ফুলে-ফেঁপে উঠেছে, কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। আবার কোথাও মূল সড়কের সঙ্গে সম্প্রসারিত অংশের উচ্চতার পার্থক্যে তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ ঢেউখেলানো অবস্থা। সম্প্রতি টানা বর্ষণে পরিস্থিতি আরও আশঙ্কাজনক রূপ নিয়েছে।
গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে দক্ষিণ উজিরপুর সীমান্ত পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার সড়ক ঘুরে দেখা গেছে, ছোট-বড় অসংখ্য গর্ত ছড়িয়ে আছে পুরো পথে। টরকী, মদিনা, গৌরনদী, আশোকাঠী, কাসেমাবাদ, মাহিলাড়া, বাটাজোর ও বামরাইল বাসস্ট্যান্ড এলাকায় পরিস্থিতি সবচেয়ে খারাপ। অনেক জায়গায় সড়কের মাঝখানেই বড় গর্ত তৈরি হওয়ায় চালকদের হুটহাট দিক পরিবর্তন করতে হচ্ছে, যা মুখোমুখি সংঘর্ষ ও দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।
ক্ষতিগ্রস্ত এ মহাসড়কে স্থায়ী টেকসই সংস্কারের বদলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ আপাতত ইট ফেলে জোড়াতালি দিচ্ছে। কিন্তু ভারী যানবাহনের চাপে সেই ইট দ্রুত গুঁড়ো হয়ে বাতাসে ধুলা উড়াচ্ছে, আর সামান্য বৃষ্টিতেই তা ধুয়ে গিয়ে একই জায়গায় আবারও গর্তের সৃষ্টি হচ্ছে।
যানবাহন চালকদের অভিযোগ, শুধু গর্তই নয়, কোথাও কোথাও সড়ক এতটাই উঁচু-নিচু যে গাড়ির চাকা ও যন্ত্রাংশ বিকল হয়ে যাচ্ছে। বিশেষ করে মালবাহী ভারী যানগুলোকে প্রতিনিয়ত উল্টে যাওয়ার ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। সেই সঙ্গে যাত্রীদেরও পুরো পথজুড়ে পোহাতে হচ্ছে তীব্র ঝাঁকুনি ও চরম ভোগান্তি।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, মহাসড়কের বিভিন্ন অংশে গর্তের পাশাপাশি মূল সড়ক ও সম্প্রসারিত অংশের উচ্চতায় অসমতা রয়েছে। এ কারণে কম প্রশস্ত অংশে যানবাহন বেশি গতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাচ্ছে। পাশাপাশি মহাসড়কে চলাচলকারী থ্রি-হুইলারগুলোও অনেক সময় সম্প্রসারিত অংশ ব্যবহার না করে মূল সড়কে উঠে আসায় দুর্ঘটনা বাড়ছে।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. শাহিন খান বলেন, ভারী বর্ষণের কারণে কিছু জায়গায় গর্ত তৈরি হয়েছে। সেগুলো ইট দিয়ে মেরামত করা হচ্ছে। তবে টানা বৃষ্টির কারণে আপাতত মেরামত করা অংশ খুব বেশি টেকসই করা সম্ভব হচ্ছে না।


