প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মৃত্যুর পর করা মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, বাগেরহাট
প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মৃত্যুর পর করা মামলায় বৃদ্ধ গ্রেপ্তার
ধর্ষণচেষ্টার মামলায় নূর মোহাম্মদ হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

বাগেরহাটের মোরেলগঞ্জে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের দাবি, ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়া ওই তরুণী পরে মারা যান। এ ঘটনায় নিহত তরুণীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির হত্যা ধারায় মামলা করেন।

Advertisement

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান মামলা ও আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার নূর মোহাম্মদ হাওলাদার উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ জুন সকালে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নে শারীরিক প্রতিবন্ধী তরুণী (২৪) স্থানীয় একটি পানির ট্যাংকি থেকে পানি আনতে যান। এ সময় নূর মোহাম্মদ হাওলাদার তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে ওই তরুণী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনা জানান।

পরিবারের সদস্যদের ভাষ্য, ঘটনার পর থেকেই ভুক্তভোগী তরুণী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং অস্বাভাবিক আচরণ করতে থাকেন। তাদের দাবি, ওই ঘটনার কারণে সৃষ্ট ভয়, আতঙ্ক ও মানসিক আঘাতের প্রভাবেই গত ২০ জুন সন্ধ্যায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রোববার (২১ জুন) নিহতের বাবা মোরেলগঞ্জ থানায় একটি মামলা করেন।

মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামি নূর মোহাম্মদ হাওলাদারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর সঙ্গে অভিযোগের সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।