Advertisement

নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

এশিয়া পোস্ট নিউজ, নড়াইল
নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০
ছবি: এশিয়া পোস্ট

নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী লোকাল বাস সড়কে উল্টে গিয়ে শিশু ও নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

Advertisement

শনিবার (৬ জুন) রাতে নড়াইল-যশোর মহাসড়কের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যশোর থেকে যাত্রী নিয়ে একটি লোকাল বাস নড়াইলের উদ্দেশ্যে আসছিল। বাসটি নড়াইল নতুন বাস টার্মিনাল সংলগ্ন পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের ওপর উল্টে গেলে ভেতরে থাকা শিশু ও নারীসহ অন্তত ২০ যাত্রী আহত হন।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার খবর পেয়েই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। এরপর আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।