সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মজিদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা বসুন্ধরা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাতক্ষীরা থেকে ঢাকাশগামী একটি বাস শাকদাহ এলাকার মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সাইকেল আরোহী আব্দুল মজিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলে ‘সৌদিয়া পরিবহন’-এর একটি লুকিং গ্লাস পড়ে থাকতে দেখা গেছে। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ যাওয়ার আগেই দুর্ঘটনাকবলিত বাসটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

