logo

উত্ত্যক্তে বাধা দেওয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১

উত্ত্যক্তে বাধা দেওয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১

উত্ত্যক্তে বাধা দেওয়াকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাহ আলম উপজেলার রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। সকালে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয়রা জানান, উপজেলার কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় নিয়মিত আড্ডা দিতেন। সেখানে মেয়েদের উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে রশিদপুর গ্রামের লোকজন তাদের একাধিকবার নিষেধ করেন। এর জেরে বৃহস্পতিবার রাতে রশিদপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা করে কাশিনাথপুরের যুবকরা। হামলার পর দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয়পক্ষের ৫ জন আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে শাহ আলমের অবস্থার অবনতি হয়। পরে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে। 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সংঘর্ষে একজন গুরুতর আহত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা গেছেন। নিহতের পরিবারকে থানায় আসার জন্য বলা হয়েছে। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।