logo
Advertisement

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার
গ্রেপ্তার বোরহান উদ্দিন। ছবি : পুলিশ সূত্রে পাওয়া

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. বোরহান উদ্দিন (৩১) নামে এক মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শনিবার (১২ সেপ্টেম্বর) শিশুটির বাবা থানায় মামলাটি করেন। পরে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার বোরহান উদ্দিন গোপালগঞ্জের কোটালীপাড়া থানার বাসিন্দা। তিনি ভেদরগঞ্জ উপজেলার কাইচকুড়ি এলাকায় ওই নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ভেদরগঞ্জ উপজেলার কাইচকুড়ি এলাকার একটি নূরানী হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত। ওই মাদ্রাসার প্রধান শিক্ষক বোরহান উদ্দিন বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে শিশুটির সঙ্গে অনৈতিক আচরণ ও বলাৎকার করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাসার বলেন, মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।