কারখানার সামনে শ্রমিককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম নগরের সাগরিকা বিটাক বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে আকাশ দাশ নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিটাক বাজার মোড়ের একটি কারখানার সামনে এই ঘটনা ঘটে।
নিহতের ভাই সাগর দাশ জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কারখানায় যান আকাশ। কারখানার সামনে পৌঁছালে সহকর্মী মাইকেলের সঙ্গে স্থানীয় ফকিরবাড়ির রাতুল, ইমন, মহসিন, নাজমুলকে বাগবিতণ্ডা করতে দেখেন। মাইকেলকে ছাড়াতে গিয়ে তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান আকাশ। এই সময় আরও কয়েকজন এসে আকাশ দাশকে প্রথমে মাথায় হেলমেট দিয়ে আঘাত করে। একপর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও তার সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় আল আমিন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনদের দাবি, এই চক্রটি কয়েকমাস আগে কারখানার শ্রমিকদের কাছে চাঁদা দাবি করে। ওই সময় আকাশের প্রতিবাদের মুখে চাঁদা নিতে পারেনি তারা। এ ছাড়া নানা বিষয়ে তার সঙ্গে বিরোধ ছিল তাদের।
এ বিষয়ে পাহাড়তলী থানার সহকারী উপপরিদর্শক খাদিজা এশিয়া পোস্টকে বলেন, মরদেহ মেডিকেল মর্গে আছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল গেছে।