নদীতে গোসলে নেমে ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ আরও ১

চাঁদপুর সদর উপজেলার ডাকাতিয়া নদীতে ডুবে শাহাদাত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া শাহাদাতের সঙ্গে গোসলে নেমে এখনো নিখোঁজ আছে মাহমুদ (৭) নামে আরেক শিশু।
রোববার (১৯ এপ্রিল) দুপুর আনুমানিক দেড়টার দিকে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শাহাদাত ও মাহমুদ। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মিমনপুর গ্রামের কয়েকজন শিশু একত্রে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে শাহাদাত ও মাহমুদ নদীর স্রোতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা উদ্ধারে এগিয়ে আসেন।
পরে খবর পেয়ে নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে শাহাদাতকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহাদাত মিমনপুর গ্রামের মো. আলী হাওলাদারের ছেলে। নিখোঁজ মাহমুদ একই গ্রামের মো. মাইনুদ্দিনের ছেলে।
নিখোঁজ মাহমুদকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল পর্যন্ত যৌথ উদ্ধার তৎপরতা চালায়। তবে কোনো সন্ধান না পাওয়ায় সন্ধ্যার আগে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়।
চাঁদপুর ফায়ার সার্ভিস সদর স্টেশনের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ বলেন, ‘নিখোঁজ শিশুটিকে খুঁজে পেতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’