রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, সকালে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বসতঘর থেকে তুহিন হাওলাদার নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের ইন্দুরকানী সরকারি কলেজ মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, তুহিন হাওলাদার স্ত্রী ফারজানা রিশাদ ও তাদের দুই সন্তানকে নিয়ে ইন্দুরকানী সরকারি কলেজের পাশে আ. হালিমের ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্ত্রী ফারজানা রিশাদ জিয়ানগর উপজেলা এলজিইডি অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত।
পরিবারের সদস্যরা জানান, শনিবার রাত ৮টার দিকে তুহিন ও তার স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। পরে তারা পৃথক কক্ষে ঘুমিয়ে পড়েন। রোববার সকালে তুহিনের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ফারজানা রিশাদ জানান, তুহিন মাদকাসক্ত ছিলেন। ঝালকাঠি থানার একটি মাদক মামলায় তিনি কারাবন্দি ছিলেন। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পরও মাদকসেবন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার রাতে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।