logo

সাতক্ষীরায় যুবদলের কমিটি ঘিরে একদিকে উল্লাস, অন্যদিকে বিক্ষোভ

সাতক্ষীরায় যুবদলের কমিটি ঘিরে একদিকে উল্লাস, অন্যদিকে বিক্ষোভ
সাতক্ষীরায় যুবদলের কমিটি ঘিরে একদিকে আনন্দ মিছিল, অপরদিকে সড়ক অবরোধ। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা। একই সময়ে নতুন কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ার অভিযোগ তুলে যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা কলারোয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের মাওয়া চায়নিজ রেস্টুরেন্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা যুবদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনসহ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চায়না-বাংলা শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু এবং যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী। এ সময় নবগঠিত জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘যেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের মিছিল হবে, সেই এলাকার জাতীয়তাবাদী দলের কমিটি বাতিল করা হবে।’

এর আগে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি, শেখ মনিরুজ্জামান প্রিন্সকে সহসভাপতি, মো. শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক, মমতাজুল ইসলাম চন্দনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাসুম রানা সবুজকে সাংগঠনিক সম্পাদক করে সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এদিকে, নতুন কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ার অভিযোগে রোববার বিকেলে কলারোয়ায় মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে মিছিল করেন এবং ঘোষিত কমিটি পুনর্গঠনের দাবি জানান।

সড়ক অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে মমতাজুল ইসলাম চন্দন ঘটনাস্থলে গিয়ে সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান। তার অনুরোধে কর্মী-সমর্থকেরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।