রাজশাহীর পথে প্রধানমন্ত্রী, জনসভাস্থল ঘিরে নেতাকর্মীদের ঢল

রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাজশাহীর পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আসতে শুরু করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জনসভাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকেই রাজশাহীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগরীতে আসছেন।
জনসভায় যোগ দিতে আসা নেতাকর্মীদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর বক্তব্যে রাজশাহী ও উত্তরাঞ্চলের উন্নয়ন, কৃষি, কর্মসংস্থান এবং স্থানীয় সমস্যাগুলো গুরুত্ব পাবে। বিশেষ করে আখচাষিদের সহায়তা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করার বিষয়ে তারা আশাবাদী।

দলীয় স্থানীয় নেতারা জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে কয়েক দিন ধরেই রাজশাহীতে প্রস্তুতি চলছে। জনসভায় কৃষক, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকেরা। পাশাপাশি রাজশাহীর দীর্ঘদিনের উন্নয়ন-সংক্রান্ত দাবিগুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরার প্রস্তুতিও রয়েছে।
রাজশাহীর উন্নয়ন নিয়ে আলোচনায় রয়েছে বন্ধ রেশম কারখানা চালু, রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আম সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার নির্মাণ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর মতো বিষয়।
এদিকে, সফরসূচি অনুযায়ী, দুপুরে রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর বিকেলে মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরকে ঘিরে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি উত্তরাঞ্চলের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়গুলোও আলোচনায় এসেছে।

