logo

অন্যায় ও অশুভ শক্তিকে দমন করে ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দেয় দুর্গাপূজা: মঈন খান

অন্যায় ও অশুভ শক্তিকে দমন করে ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দেয় দুর্গাপূজা: মঈন খান
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপে বক্তব্য দিচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। ছবি : এশিয়া পোস্ট

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, দুর্গাপূজা আমাদের শিক্ষা দেয় কীভাবে অন্যায় ও অশুভ শক্তিকে দমন করে ন্যায় প্রতিষ্ঠা করতে হয়। এই উৎসব থেকে আমরা যদি সেই শিক্ষা গ্রহণ না করি, তাহলে আমাদের আয়োজন সফল হবে না।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, দুর্গাপূজার অন্যতম শিক্ষা হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় প্রতিষ্ঠা করা। এই শিক্ষাকে বাস্তব জীবনে ধারণ করতে হবে। একই সঙ্গে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে হবে।

নারায়ণগঞ্জের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রাচীনকাল থেকেই নারায়ণগঞ্জ ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। বিশেষ করে পাটশিল্পের কারণে একসময় সারা দেশে নারায়ণগঞ্জের বিশেষ সুনাম ছিল। এই জেলার ঐতিহ্যের সঙ্গে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানও জড়িয়ে রয়েছে। সেই ঐতিহ্য ভবিষ্যতেও অক্ষুণ্ন রাখতে হবে।

এ সময় তিনি নারায়ণগঞ্জবাসীসহ মন্দির ও পূজা উদযাপন কমিটির সভাপতি, সদস্য এবং পূজা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। সপ্তমীর সন্ধ্যায় সবার প্রতি শুভকামনা জানিয়ে তিনি শান্তিপূর্ণ ও সফলভাবে দুর্গাপূজা উদ্‌যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।