logo
Advertisement

পটুয়াখালীতে গভীর নলকূপের পাশে আগুন, ‘গ্যাস’ নিয়ে কৌতূহল

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
রাঙ্গাবালী, পটুয়াখালী
পটুয়াখালীতে গভীর নলকূপের পাশে আগুন, ‘গ্যাস’ নিয়ে কৌতূহল
নলকূপের পাশের কূপ থেকে নির্গত গ্যাসে জ্বলে ওঠা আগুন দেখতে ভিড় করেছেন উৎসুক এলাকাবাসী। ছবি : এশিয়া পোস্ট

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর গ্রামে গভীর নলকূপ স্থাপনের পর পাশের একটি কূপ থেকে গ্যাসের মতো পদার্থ বের হওয়ার দাবি করেছেন স্থানীয়রা। ওই পদার্থে আগুন ধরালে তা জ্বলে উঠছে। টানা প্রায় ২৫ দিন ধরে এমন পরিস্থিতি চলায় ঘটনাটি ঘিরে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কামাল জানান, প্রায় এক মাস আগে তিনি নিজের বাড়িতে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেন। নলকূপ বসানোর কাজ চলে এক রাত ও এক দিন ধরে। ওই সময় নলকূপের পাশে আরেকটি কূপ তৈরি হয়। কাজ শেষ হওয়ার পর ওই কূপ থেকেই বুদবুদের মতো কিছু বের হতে দেখা যায়।

কামালের ভাষ্য, নলকূপের ভেতর এবং পাশের কূপের পানিতে নিয়মিত বুদবুদ উঠতে দেখা যায়। পরে বিষয়টি পরীক্ষা করতে দিয়াশলাই জ্বালিয়ে ধরলে আগুন জ্বলে ওঠে। এরপর থেকেই স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়।

স্থানীয়রা জানান, প্রায় ২৫ দিন ধরে একইভাবে ওই স্থান থেকে গ্যাসের মতো পদার্থ বের হচ্ছে। কৌতূহলী মানুষ ঘটনাটি দেখতে সেখানে ভিড় করছেন। এমনকি নির্গত পদার্থে আগুন জ্বালিয়ে রান্নার কাজও করা হচ্ছে বলে জানা গেছে।

ঘটনাটি প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদকে জানান মোহাম্মদ কামাল। পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনা হয়। কামালের দাবি, এটি যদি প্রকৃতপক্ষে প্রাকৃতিক গ্যাস হয়ে থাকে, তাহলে বিষয়টি দ্রুত পরীক্ষা করে দেখা প্রয়োজন। কারণ, এর সঙ্গে রাষ্ট্রীয় সম্পদের বিষয় জড়িত থাকতে পারে।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, নলকূপের পাশের কূপ থেকে বের হওয়া পদার্থটি আসলে প্রাকৃতিক গ্যাস কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা হলে এ বিষয়ে প্রকৃত তথ্য জানা যাবে।