সিলেট/সীমান্তে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় গ্রামের সীমান্তসংলগ্ন একটি কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহিন উপজেলার কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর শাহিন আর ফেরেননি। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন সীমান্তের ১৩২৮ নম্বর পিলারসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে সোনারখেওড় গ্রামের একটি কৃষিজমিতে তার গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান। পরে তারা পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য, শাহিন মাঝেমধ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করে খাসিয়া পুঞ্জিতে শ্রমিকের কাজ করতেন। শুক্রবার রাতে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা তাদের। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নিহতের ভাই জসিম উদ্দিন জানান, শাহিন দিনমজুরের কাজ করতেন। তার স্ত্রী ও দুটি কন্যাসন্তান রয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে সীমান্তবর্তী সোনারখেওড় এলাকা থেকে শাহিন আহমদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
