logo

বান্দরবান সদর হাসপাতালের নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, বান্দরবান
বান্দরবান সদর হাসপাতালের নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
বান্দরবান সদর হাসপাতালের নির্মাণাধীন ভবন। ছবি: এশিয়া পোস্ট

বান্দরবান সদর হাসপাতালের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মো. সাকিব ও কামরুল হাসান।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের নির্মাণাধীন সেবা ভবনে শ্রমিকরা কাজ করছিলেন। ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক মূল লাইনের সঙ্গে একটি লোহার পাতের সংস্পর্শ হলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলে দুই শ্রমিকের মৃত্যু হয়। আহত দুই শ্রমিককে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

শ্রমিকদের অভিযোগ, এর আগেও একই ভবনে কাজ করার সময় বিদ্যুতের সংস্পর্শে এসে দুই শ্রমিক আহত হয়েছিলেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে বান্দরবান গণপূর্ত উপবিভাগের উপসহকারী প্রকৌশলী মো. নাদের হোসেন বলেন, পূর্বের দুর্ঘটনার বিষয়ে জানার পর বিদ্যুৎ বিভাগের সঙ্গে মৌখিকভাবে যোগাযোগ করা হয়েছিল। ঠিকাদার প্রতিষ্ঠানকে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছিল। নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। শ্রমিকদের প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।

অভিযোগের বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন বলেন, এ বিষয়ে তাদের কাছে কোনো লিখিত আবেদন দেওয়া হয়নি। তাই বিদ্যুৎ লাইন সরানো বা আবরণ দেওয়ার বিষয়টি বিবেচনায় আসেনি।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী বলেন, নির্মাণকাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারা গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।