সুনামগঞ্জে ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরি

সুনামগঞ্জে ভোটের আগেই চুরি হয়ে গেছে ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য স্থাপন করা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরাসহ বিদ্যালয়ের বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময়ে সুনামগঞ্জ পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চুরির ঘটনা ঘটে। এই বিদ্যালয়টি সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের একটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত বুধবার ওই বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। রোববার সকালে বিদ্যালয়ের শিক্ষকরা এসে মূল ফটকের তালা ভাঙা দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশসহ শিক্ষকরা ভেতরে প্রবেশ করে দেখতে পান অফিস কক্ষের তালাও ভাঙা। টেবিলের ওপর সিসি ক্যামেরার ভাঙা যন্ত্রাংশ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া একটি শ্রেণিকক্ষের তালাও ভাঙা ছিল। চোরেরা সিসি ক্যামেরার বক্স, একটি ল্যাপটপ, রাউটার, তিনটি সাউন্ড বক্স, গ্যাসের চুলা ও সিলিন্ডার, ইলেকট্রিক চুলা, একটি ফাইল কেবিনেট এবং বিদ্যালয়ের স্কাউটদের ২৪টি পোশাক নিয়ে গেছে।
শিক্ষার্থী অভিভাবক রাসেল আহমদ বলেন, শহরের এই বিদ্যালয়ে বছরে চার-পাঁচবার চুরি হলেও চোর ধরা পড়ে না। এটি খুবই দুঃখজনক। শহরের চোরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী বলেন, বিদ্যালয়ে কোনো নৈশপ্রহরী নেই। রোববার সকালে এসে দেখি ভবনের মূল গেটের তালা ভাঙা। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। থানার ৫০০ গজের মধ্যে স্কুলে বারবার চুরির ঘটনা ঘটে। চোরেরা সিসি ক্যামেরার যন্ত্রাংশ, একটি ল্যাপটপসহ আরও কিছু মালামাল নিয়ে গেছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও সাংবাদিক আকরাম উদ্দিন বলেন, গত বছর অন্তত চারবার এই বিদ্যালয়ে চুরি হয়েছে। এবার আবারও চুরি হলো। আমাদের বিদ্যালয়ে পদ থাকলেও নাইটগার্ড নেই। এ কারণেই বছরে একাধিকবার চুরির ঘটনা ঘটে। শতবর্ষী এই প্রাচীন বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, চুরির খবর পেয়ে পুলিশ স্কুলটি পরিদর্শন করেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নিয়মিত মামলা করার জন্য থানায় এজাহার দিতে বলা হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।