নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, সেনাসদস্য আহত

নোয়াখালীর কবিরহাটে মাছবাহী পিকআপভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার যাত্রী এক সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) ভোরে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের সোনাপুর-কবিরহাট সড়কের ইতালি মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালকের নাম মো. আমিনুল হক (৩০)। তিনি উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামের নুর নবীর ছেলে। দুর্ঘটনায় আহত সেনাসদস্যের নাম সৈকত, তিনি স্থানীয় বাসিন্দা এবং বর্তমানে যশোর সেনানিবাসে কর্মরত বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সোনাপুর থেকে একটি মাছবাহী পিকআপ কবিরহাটের দিকে যাচ্ছিল। সাড়ে ৫টার দিকে পিকআপটি ইতালি মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আমিনুল হক ও যাত্রী সৈকত গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে অটোরিকশাচালক আমিনুল হকের মৃত্যু হয়। গুরুতর আহত সেনাসদস্য সৈকত একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও স্থানীয়দের আটকে রাখা পিকআপভ্যানটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। দুর্ঘটনার পর পিকআপের চালক ও সহকারী পালিয়ে গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



