শীতলক্ষ্যা সেতুর রেলিংয়ে ধাক্কা দ্রুত গতির মোটরসাইকেলের, প্রাণ গেল চালকের

নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষ্যা সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে দ্রুত গতিতে চলা একটি মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. সুমন মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুল হক বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের মালিবাগ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। আহত মো. সুমন একই এলাকার আফজাল হোসেনের ছেলে তার সম্পর্কে বন্ধু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামসুল হক একটি আর ওয়ান ফাইভ মোটরসাইকেলে করে বন্ধু সুমনকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ থেকে বন্দরের দিকে যাচ্ছিলেন। সেতুর ওপর মোটরসাইকেলটির গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেন। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং দুই আরোহী গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করেন। এতে ঘটনাস্থলে শামসুল হকের মৃত্যু হয়। গুরুতর আহত সুমনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন, মোটরসাইকেলটির গতি বেশি ছিল। সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে দুজন মাথায় আঘাত পান। একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
