logo

পঞ্চগড় সীমান্তে ড্রোন-সিসিটিভিতে বিজিবির নজরদারি

পঞ্চগড় সীমান্তে ড্রোন-সিসিটিভিতে বিজিবির নজরদারি
পঞ্চগড় সীমান্তে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: এশিয়া পোস্ট

পঞ্চগড় সীমান্তে সব ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিন-রাত টহলের পাশাপাশি নজরদারিতে সিসিটিভি ক্যামেরা, ড্রোন ও অল-টেরেইন ভেহিকল (এটিভি) ব্যবহার করা হচ্ছে।

নিয়মিত অভিযান অব্যাহত থাকলেও বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জেলার প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় এই বিশেষ নজরদারি কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে সীমান্ত এলাকায় মাইকিং প্রচারণা চালানো হচ্ছে।

Advertisement

বিজিবি জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি সীমান্ত সুরক্ষা ও স্থানীয়দের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানোর পাশাপাশি আকাশপথে নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে।

একই সঙ্গে সীমান্ত অপরাধ দমনে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাইকিং ও জনসচেতনতামূলক সভা করা হচ্ছে। এসব সভার মাধ্যমে সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় লোকজনকে সতর্ক ও সচেতন করা হচ্ছে।

এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিজিবি সবসময় সতর্ক ও সজাগ রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের নজরদারি, টহল ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।