logo

মসলায় কাপড়ের রং, ৩ লাখ টাকা জরিমানা

মসলায় কাপড়ের রং, ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে টেক্সটাইল রং মিশিয়ে মরিচ ও হলুদের গুঁড়া তৈরির অভিযোগে একটি মসলা কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানায় মসলা গুঁড়া করতে আসা এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মাদলা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় অবস্থিত আরএসি ইন্ডাস্ট্রি নামের কারখানায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। এর আগে দুপুর দেড়টার দিকে অভিযান শুরু হয়।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি বগুড়ার ফুলবাড়ী এলাকার ব্যবসায়ী আলাউদ্দিন। তিনি ওই কারখানায় মসলা গুঁড়া করে বাজারজাত করতেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে দেখা যায়, হলুদের গুঁড়ায় উজ্জ্বলতা বাড়াতে টেক্সটাইল ইয়েলো এবং মরিচের গুঁড়ায় লাল শিল্পকারখানায় ব্যবহৃত রং মেশানো হচ্ছিল। এ ছাড়া পচা মরিচ ও নষ্ট হলুদ দিয়েও মসলা তৈরি করা হচ্ছিল।

অভিযানে জানা যায়, আলাউদ্দিন নিজেই কাপড়ের রং এনে মসলার সঙ্গে মিশিয়েছেন। তার কাছ থেকে কয়েক কেজি রং জব্দ করা হয়।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে আলাউদ্দিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, হলুদ ও মরিচের গুঁড়ায় ভেজাল রং মেশানোর দায়ে কারখানা মালিককে জরিমানা করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। পাশাপাশি প্রায় ৫ কেজি হলুদ ও দেড় কেজি লাল শিল্পকারখানার রং জব্দ করা হয়েছে।

অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।