কিশোরকে অপহরণ করে আপত্তিকর ভিডিও ধারণ, মূলহোতা গ্রেপ্তার

চট্টগ্রামে ১৭ বছর বয়সি এক কিশোরকে অপহরণ, যৌন নির্যাতন, অশ্লীল ভিডিও ধারণ এবং সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের মামলার মূলহোতা নূর হোসাইন নূরকে (৩৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। নুরুও স্থানীয় পর্যায়ে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
বুধবার (৪ নভেম্বর) সকালে তথ্যটি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন নগরের হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল। গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত রোববার (২৫ অক্টোবর) রাতে হালিশহর থানার কে-ব্লক এলাকা থেকে এ মামলার দ্বিতীয় আসামি মো. মোয়াজ্জেমকে গ্রেপ্তার করে পুলিশ। মোয়াজ্জেম নিজেকে যুবদলের নেতা পরিচয় দেন এবং তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোর নিউ মার্কেট এলাকার একটি কাপড়ের দোকানে কাজ করতেন। গত ২৩ আগস্ট সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার পথে নূর হোসাইন নূর ও মোয়াজ্জেম তাকে ডেকে জোরপূর্বক ফইল্ল্যাতলী বাজারসংলগ্ন মেডিসিন বাজারের একটি ভবনের ওপরতলায় নিয়ে যান। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে মুখ ও হাত-পা বেঁধে ফেলা হয়।
অভিযোগে বলা হয়, মোয়াজ্জেম ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পাহারা দেওয়ার সময় নূর হোসাইন নূর ওই কিশোরকে যৌন নির্যাতন করেন এবং ঘটনার অশ্লীল ভিডিও ধারণ করেন। ঘটনা কাউকে জানালে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পরদিন ২৪ আগস্ট রাত ১টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই কিশোরের কাছ থেকে দিনের পর দিন অর্থ আদায় ও ব্ল্যাকমেল করা হতো।
ভুক্তভোগী কিশোর জানান, সামাজিক মর্যাদার ভয়ে তিনি চুপ ছিলেন। কিন্তু ক্রমাগত টাকা দাবি, ডেকে নিয়ে অত্যাচার এবং অন্যান্য ছেলেদের বিষয়ে তথ্য পেতে তাকে চাপ দেওয়া হচ্ছিল। একই প্রক্রিয়ায় আসামিরা আরও অনেক ছেলেকে ব্ল্যাকমেল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নির্যাতনের শিকার কিশোর গত ১২ অক্টোবর হালিশহর থানায় এ বিষয়ে মামলা দায়ের করার পর অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। মামলার দুই প্রধান আসামি গ্রেপ্তারের পর এখন বাকিদের শনাক্তে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
