বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার দেবদুন গ্রামে পূর্ববিরোধের জেরে নুর আরাফাত মোল্লা (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত নুর আরাফাত মোল্লা দেবদুন গ্রামের মোকিদুল মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নুর আরাফাতকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় পরিবারের নারী সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তাদের ওপরও হামলা ও মারধর করে বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নুর আরাফাতকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস নিশাত তাকে মৃত ঘোষণা করেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী এশিয়া পোস্টকে বলেন, নুর আরাফাতের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে জমিজমা ও মাদক ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও বলেন, নিহত নুর আরাফাতের বিরুদ্ধে ১০টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র, ডাকাতি ও মাদকসংক্রান্ত মামলাও রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ছয়টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।