Advertisement

এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর আইফোন ঘুষ নেওয়া সেই এসআই প্রত্যাহার

এশিয়া পোস্ট নিউজ, সাভার
এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর আইফোন ঘুষ নেওয়া সেই এসআই প্রত্যাহার
প্রত্যাহার হওয়া এসআই মোহাম্মদ নেয়ামত উল্লাহ। ছবি: সংগৃহীত

আসামির স্ত্রীর কাছ থেকে আইফোন ঘুষ নেওয়া সাভার মডেল থানার সেই উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তাকে ঢাকা জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২ আগস্ট ‘আসামির স্ত্রীর কাছ থেকে আইফোন ঘুষ নিলেন এসআই’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে এশিয়া পোস্ট। প্রতিবেদনে উঠে আসে এসআই মো. নেয়ামত উল্লাহর কর্মকাণ্ড। সাভারের আলোচিত মাদক ব্যবসায়ী শামীম রেজাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নির্যাতন না করা ও মামলা থেকে বাঁচানোর প্রলোভন দেখিয়ে আসামির স্ত্রীর কাছ থেকে একটি আইফোন এবং তিন লাখ টাকা ঘুষ নেন এসআই নেয়ামত উল্লাহ।

জানা যায়, এই সংবাদ প্রকাশ্যে আসার পর ছায়া তদন্ত শুরু করে প্রশাসন। প্রাথমিক তদন্ত চলাকালে প্রশাসনিক এ পদক্ষেপ নেয় পুলিশ কর্তৃপক্ষ।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম এশিয়া পোস্টকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে এসআই নেয়ামত উল্লাহকে জেলা পুলিশ লাইনসে সিসি দিয়ে সংযুক্ত করা হয়েছে। এটি প্রশাসনিক প্রক্রিয়ারই অংশ।