logo

সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিকের

সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিকের
সাংবাদিক নাদিম হাসান। ছবি: এশিয়া পোস্ট

ঢাকার সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাদিম হাসান (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

নাদিম হাসান প্রায় এক দশকের বেশি সময় ধরে মোহনা টেলিভিশন, বাংলা মেইল টোয়েন্টিফোর, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনে সাভার প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাভার প্রেসক্লাবের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

নাদিম হাসানের ঘনিষ্ঠদের সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তরুণ সাংবাদিক নাদিম হাসানের মৃত্যুতে সাভার প্রেসক্লাব, ধামরাই রিপোর্টার্স ক্লাবসহ স্থানীয় সাংবাদিকদের সংগঠনগুলো শোক প্রকাশ করেছে। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন দিন আগে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তার মৃত্যু হয়। নাদিম হাসান তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক ছিলেন। তার মৃত্যু সাভারের সাংবাদিকতার জন্য অপূরণীয় ক্ষতি। আমরা নাদিম হাসানের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাই। তার বিদেহি আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি।

নাদিম হাসানের ঘনিষ্ঠ সহকর্মী নোমান মাহমুদ জানান, শুক্রবার সন্ধ্যায় সাভার প্রেসক্লাবে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে নেওয়া হবে। সেখানে জানাজা ও পরবর্তী কার্যক্রম শেষে মরদেহ দাফন করা হবে।