বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুর পৌনে ১২ টার দিকে উপজেলার নামুইট তিন মাথার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লিমন ও নেহাল। দুজনের বয়স ১৭ বছর। লিমনের বাড়ি নাটোরের বাগাতিপাড়া এবং নেহাল নামুইট ভরতেতুলিয়া গ্রামের বাসিন্দা। তারা দুজনই নন্দীগ্রাম মা-কেজি অ্যান্ড হাই স্কুলের শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছরে এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কালীগঞ্জ থেকে আসা ট্রাক নামুইট তিন মাথার মোড়ের দিকে আসছিল। এ সময় মোটরসাইকেলে ওই দুই বন্ধু দাঁড়িয়ে ছিলেন। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই বন্ধু প্রাণ হারান।
খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাদের মরদেহ বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই আমরা। পরবর্তীতে এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতরা দুজন বন্ধু। ট্রাকটিকে চিহ্নিত করার কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।