নড়াইলে কৃষকের গোয়াল থেকে ৭ গরু চুরি

নড়াইল সদর উপজেলায় গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে হাদিয়ার শেখ নামে এক কৃষকের ৭টি গরু চুরি হয়েছে। এতে ওই কৃষকের অন্তত ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বুধবার (৫ আগস্ট) গভীর রাতে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে হাদিয়ার শেখ তার ৭টি গরু গোয়ালঘরে বেঁধে তালা লাগিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টা থেকে ৩টার দিকে সংঘবদ্ধ একদল চোর গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সবকটি গরু চুরি করে নিয়ে সটকে পড়ে।
বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরের তালা ভাঙা দেখতে পান কৃষক হাদিয়ার শেখ। ভেতরে প্রবেশ করে দেখেন তার কষ্টার্জিত ৭টি গরুর একটিও নেই।
সর্বস্ব হারানো কৃষক হাদিয়ার শেখ আকুতি জানিয়ে বলেন, গরুগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকারও বেশি। দীর্ঘদিন ধরে অনেক কষ্ট করে এসব গরু লালনপালন করেছিলাম। এক রাতের ব্যবধানে আমার সব শেষ হয়ে গেল; আমি পথে বসে গেলাম।
বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, খবর পেয়েই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করা এবং চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
.png)


